স্থানীয় সরকারের নেতৃত্বে উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধ নির্মাণে বাজেটে জরুরি বরাদ্দ দেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধি ও নাগরিক সমাজ।
তারা বলেছেন, উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে বছরে অন্তত ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে শুধু বাঁধের নকশা, নির্মাণের মনিটরিং ও অন্য কারিগরি সহায়তা নেওয়ার পরামর্শও দেন তারা।
শনিবার (১৩ জুন) কোস্ট ট্রাস্ট ও সিএসআরএলের (ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড) যৌথভাবে ‘জাতীয় বাজেট ২০২০-২১: বেড়িবাঁধ ও উপকূলের মানুষের সুরক্ষা’ শীর্ষক বাজেট পরবর্তী অনলাইন সেমিনারে এসব দাবি ও পরামর্শ দেন বক্তারা।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে স্থানীয় সরকারের নেতৃত্বে বাজেট বরাদ্দ করতে হবে। পানি উন্নয়ন বোর্ড শুধু বাঁধের নকশা, নির্মাণের মনিটরিং ও অন্য কারিগরি সহায়তা দেবে। কুতুবদিয়া ও কয়রার মতো অধিকাংশ ক্ষতিগ্রস্ত স্থানে অনতিবিলম্বে সেনাবাহিনীর মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।