আইসিসি ট্রফি জয়ের মধ্যদিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের অস্তিত্ব তুলে ধরেছিল বাংলাদেশ। ১৯৯৮ সালে আইসিসি মিনি বিশ্বকাপের সফল আয়োজন ক্রিকেট দুনিয়াকে দেখিয়েছিল আয়োজক বাংলাদেশের সক্ষমতা। একই টুর্নামেন্টে এই দেশে ক্রিকেটের বহুল জনপ্রিয়তার ঢেউও সবার চোখে পড়েছিল। তারপর থেকেই আইসিসির পূর্ণ সদস্য হওয়ার চেষ্টায় নিজেদের আত্মনিয়োগ করেছিলেন তত্কালীন বিসিবির শীর্ষ কর্তারা। ১৯৯৯ বিশ্বকাপের সাফল্য বাংলাদেশের দাবিকে আরো জোরালো করেছিল। অবশেষে ২০০০ সালে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ২৬ জুন আইসিসির পূর্ণ সদস্যের মর্যাদা তথা টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। এই স্বীকৃতি অর্জনে আইসিসির সাবেক সভাপতি প্রয়াত জগমোহন ডালমিয়ার ভূমিকা অনস্বীকার্য