কাতারভিত্তিক আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরা টেলিভিশন ও তাদের ওয়েবসাইটে প্রচারিত বাংলাদেশ বিষয়ক একটি রিপোর্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোমবার ওই রিপোর্টটি প্রকাশের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ জানায়। পরে সেনাসদর দপ্তরের তরফে মঙ্গলবার প্রতিবাদ জানানো হয়। গতকাল ওই প্রতিবেদনের বিষয়ে কথা বলেছেন অন্তত চারজন মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভুল তথ্যসহ রিপোর্ট প্রকাশ করায় সরকার আল জাজিরার বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়টি খতিয়ে দেখছে। ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় আল জাজিরা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ওদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রতিবেদনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ। লন্ডনে বসে যারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের সঙ্গে ওই প্রতিবেদন প্রকাশ সংশ্লিষ্টদের যোগসাজশ থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।