কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রচারিত প্রতিবেদন নিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের প্রতিক্রিয়া সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সেখানে (নিউ ইয়র্কে) একজন বাঙালি ভদ্রলোক আছেন। সব সময় তিনি প্রশ্ন করেন। আলজাজিরার কারণে তিনি প্রশ্ন করেছেন। সেই লোক (জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র) বলেছে, হ্যাঁ, বাঙালি শান্তি রক্ষায় সবচেয়ে বড় এবং তাদের আমরা নিয়োগ করি। যখন নিয়োগ করি, তখন তারা তাদের বিভিন্ন ‘ইকুইপমেন্ট’ নিয়ে যায়। সেগুলো সে বলেছে। তারা আপনার মতোই বলেছে, এটা একটা বের হয়েছে। এটা নিয়ে তদন্ত হওয়া ভালো। হ্যাঁ, তদন্ত হওয়া ভালো। এতে আমাদেরও কোনো আপত্তি নাই।”