বাংলাদেশ করোনা মহামারির এক বছর পার করলো আজ (৮ মার্চ)। গতবছরের এই দিনে দেশে তিনজন করোনা আক্রান্ত রোগীর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। এর ঠিক ১০ দিন পর করোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর কথা জানায় অধিদফতর। এরপর থেকে প্রতি মাসেই কোনও না কোনও ঘটনার জন্ম দিয়েছে করোনা।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি ঘোষণা করে ১১ মার্চ। দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দেশে দেশে দেওয়া হয় লকডাউন। শক্তিশালী দেশ হতে শুরু করে দরিদ্রতম দেশটিও রেহাই পায়নি এর ভয়াল থাবা থেকে।