‘জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন। যারা জলবায়ু এবং পরিবেশের ক্ষতির জন্য দায়ি তাদেরই ক্ষয়ক্ষতি মোকাবিলার দায়িত্ব নিতে হবে।’ মঙ্গলবার (২০ এপ্রিল) আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি আয়োজিত ‘লিডার সামিট অন ক্লাইমেট, গ্লোবাল ক্লাইমেট ডিপ্লোমেসি অ্যান্ড বাংলাদেশ: এচিভমেন্ট অ্যান্ড অপশনস’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা একথা বলেন।
ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. দেলোয়ার হোসেন। আওয়ামী লীগের বন ও পরিবেশ-বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার বজলুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় এতে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ, পরিবেশ বিজ্ঞানী ড. আতক রহমান, নদী ও জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত এবং পরিবেশ সাংবাদিক কায়সার রহমান।