করোনার কারণে জীবন-জীবিকা হুমকিতে। এ বছরের বাজেটটি ছিল বিশেষ পরিস্থিতিতে জীবন-জীবিকার বাজেট। কিন্তু বাজেটে জীবন-জীবিকা গুরুত্ব পায়নি। বাজেট নিয়ে এবার সংসদীয় কমিটিতেও আলোচনা হয়নি। এ ছাড়া প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে করোনায় দারিদ্র্য পরিস্থিতি, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং অর্থনীতি নিয়ে পরিসংখ্যানের স্বচ্ছতা নেই। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট নিয়ে ভার্চুয়াল সংলাপে গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। এ সময় করোনা পরিস্থিতি মোকাবেলায় ডিসেম্বর পর্যন্ত উদ্যোক্তাদের খেলাপি না করার দাবি জানান ব্যবসায়ীরা। তাঁরা আরো বলেন, প্রস্তাবিত অগ্রিম আয়কর কার্যকর হলে ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থার সৃষ্টি হবে।