পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাস্তবে বাজেট নিয়ে বাংলাদেশের সংসদে খুব বেশি আলোচনা হয় না। এর আগে বিষয়টি সংসদীয় কমিটিতে আলোচনা হতো।তিনি বলেন, আবুল মাল আবদুল মুহিত যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন তিনি সংসদীয় কমিটিতে বিষয়টি নিয়ে আসতেন। এরপর আমাদের আলোচনাগুলো তিনি নিজে নোট নিতেন। কিন্তু এবার সেটিও হয়নি। অর্থাৎ বাজেটের বিষয়টি কোনো কমিটিতেই আলোচনায় আসেনি।সরকারদলীয় এই সংসদ সদস্য বলেন, যদি এভাবে হয়, সরকার যা বলবে, এমপিরা সেটি পাশ করে দেবে, তাহলে সংসদে যাওয়ার মানে হয় না। তিনি বলেন, নীতির ক্ষেত্রে বড় ঘাটতি আছে। জনস্বাস্থ্য খাতকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না।বাজেট নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ভার্চুয়াল সংলাপে শনিবার তিনি এসব কথা বলেন।