পরিবেশ দূষণের জন্য দায়ীদের কাছ থেকে আদায় করা জরিমানার টাকা থেকে দূষণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বলা হয়, 'জরিমানার টাকা সরকারি কোষাগারে যায়। সেই টাকা পরিবেশ দূষণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে ব্যয় করলে তাদের পাশে দাঁড়ানো যায়।'
বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, 'পরিবেশ অধিদপ্তর দূষণকারীদের বিরুদ্ধে সবসময় ব্যবস্থা নিচ্ছে। তাদের কাছ থেকে জরিমানাও আদায় করা হচ্ছে। কিন্তু দূষণের কারণে যারা ক্ষতির শিকার হচ্ছে, তাদের জন্য কিছু করা হচ্ছে না।'