ঢাকা, ২৬ অক্টোবর, ২০২১ (বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্যারিস চুক্তির সকল কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে, গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস, প্যারিস চুক্তির লক্ষ্যসমূহ অর্জন এবং প্যারিস রুলবুকের চূড়ান্তকরণে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ), ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং গ্লোবাল সেন্টার অন এডাপটেশন (সিসিএ)-এর উদ্যোগে 'ক্লাইমেট ভালনারেবল ফোরাম-গ্লোবাল পার্লামেন্টারি গ্রুপে'র উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। বৈশ্বিক জলবায়ুর বর্তমান পরিস্থিতিতে এধরণের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার।