দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত বস্ত্র ও তৈরি পোশাকের কারখানা সবুজায়ন হলে
এ খাতের আয় বাড়বে, যার সুফল পাবে গোটা অর্থনীতি। সেইসঙ্গে পরিবেশেরও সুরক্ষা হবে। তবে দেশের অর্থনীতি ও তৈরি পোশাক খাতকে এগিয়ে নিতে নীতি সহায়তা ও অর্থনৈতিক সহায়ক পণ্যগুলো পর্যাপ্ত নয় বলে মনে করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এ ছাড়া সবুজায়নের পথে কারখানা আধুনিকায়ন ও উৎপাদনশীলতার জন্য বিনিয়োগের অভাব রয়েছে। বিশেষ করে ছোট কারখানাগুলোর সে সক্ষমতা নেই বললেই চলে। গতকাল সিপিডি’র এক সংলাপে এসব তথ্য তুলে ধরা হয়। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে সবুজ পরিবর্তন’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকায় সুইডিশ দূতাবাসের হেড অব মিশন ক্রিস্টিন জোহানসন।