মুখে কথার খই ফুটছে। বিসিবির কর্তারা অনেকে মুখে মুখে বিশ্বজয়ও করে ফেলছেন। কিন্তু তাদের পরিচালিত বাংলাদেশ দলটাই মাঠের ক্রিকেটে পড়ে আছে ব্যর্থতার বৃত্তে। বিশেষ করে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে টাইগারদের পারফরম্যান্স নাজুক। চলতি বছরে টি-২০তে ৯ ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র দুটি। এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। অথচ দেশ জুড়ে নানামুখী সংকট, গণমানুষের ক্ষোভের বিস্ফোরণে উত্তপ্ত ও চরম নৈরাশ্যের জালে নিমজ্জিত শ্রীলঙ্কা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হওয়া দলটা বাংলাদেশকে হারিয়েই বিপুল বিক্রমে ঘুরে দাঁড়ায়। পরে পরাশক্তি ভারত ও পাকিস্তানকে হারিয়ে ট্রফিটাও নিজেদের করে নিয়েছে দাসুন শানাকার দল। গত রবিবার ফাইনালেও দলগত নৈপুণ্যে ভাস্বর লঙ্কানরা। মরুর বুকে ভয়ডরহীন ক্রিকেট খেলে পাকিস্তানকে ২৩ রানে পরাজিত করেছে শ্রীলঙ্কা।