দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক জলবায়ু সম্মেলন। শুক্রবার থেকে রাজধানীর হোটেল শেরাটনে শুরু হতে যাওয়া তিনদিন ব্যাপী এ সম্মেলনে অংশ নেবেন ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপসহ বিভিন্ন দেশের সংসদ সদস্যরা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকরা।
বৃহস্পতিবার সকালে হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত এবং ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, এবারের সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী জলবায়ু সংকট, বৈশ্বিক পরিবেশ দূষণ, জল ব্যবস্থাপনা, জলবায়ু সংক্রান্ত কার্যক্রমে অর্থায়ন, বিশুদ্ধ বায়ু, শক্তি নিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিয়ে আলোচনা হবে। ১৯টি সেশনে আলোচক থাকবেন ১২০ জন।