বাংলাদেশে নরফান্ড ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সহায়তা দেবে নরওয়ে। বাংলাদেশে জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) যাত্রা শুরু করার লক্ষ্যে সোমবার (১৬ অক্টোবর) ঢাকার নরওয়েজিয়ান দূতাবাস, নরফান্ড এবং দ্য নর্ডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ (এনসিসিআই) এক সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির উত্তরণে সহায়তা করার জন্য নরওয়ের অঙ্গীকার তুলে ধরা হয়। সেমিনারে নবায়নযোগ্য জ্বালানিতে বর্ধিত বিনিয়োগ, গ্রিন এনার্জিতে বিনিয়োগের সুবিধার জন্য সহায়ক নীতির উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি আনুষাঙ্গিকগুলোর আর্থিক বাধাগুলো অপসারণের বিষয়গুলো আলোচিত হয়। এছাড়াও এক্ষেত্রে অর্থায়ন ত্বরান্বিত করার জন্য প্রযুক্তিগত ও অন্যান্য সহায়তার জন্য উন্নয়ন অংশীদারদের সঙ্গে সহযোগিতাসহ বাংলাদেশের গ্রিন এনার্জি উত্তরণের ওপর আলোকপাত করা হয়।