জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে দেশে নতুন আরও একটি সাফারি পার্ক নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ‘নতুন সাফারি পার্ক নির্মাণ করা হলে এটা বাণিজ্যিকভাবে কতটুকু লাভবান হবে সেটা যাচাই-বাছাই করা উচিত। কেননা আমাদের যে দুটো সাফারি পার্ক রয়েছে তা থেকে ব্রেক ইভেন্ট পয়েন্টে পৌঁছাতে পারিনি।’ বাংলাদেশে কতটি সাফারি পার্ক হতে পারে এ নিয়ে একটি নীতিমালা করার জন্য মন্ত্রণালয়কে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। দেশের তৃতীয় সাফারি পার্ক থেকে সরকারের আয়-ব্যয় কি হতে পারে তার প্রাক্কলন তৈরি করে কমিটির আগামী বৈঠকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মাস্টার প্ল্যান ছাড়াও পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করার সুপারিশ করে কমিটি।