ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিগত দিনে নির্বাচনের সময়ে মানুষকে দেয়া কথা ও কাজের মধ্যে যাদের মিল আছে এমন ব্যক্তিকেই আপনারা ভোট দেবেন। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খিলগাঁও থানার ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পূর্ব গোড়ান ও দক্ষিণ বনশ্রী ভোট কেন্দ্রের তৃণমূলের নেতাকর্মীদের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবের হোসেন চৌধুরী বলেন, যারা সংকটে বাংলাদেশ আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে এবং নৌকাকে ভুলে যাবে বা মুখ ফিরিয়ে নিবে, ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগও তার থেকে মুখ ফিরিয়ে নেবে। কথা একদম পরিষ্কার। দলের চেয়ে কেউ বেশি বড় হয়ে যায়নি। ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাক রুবেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর ফারজানা আক্তার বিপ্লবী, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন প্রমুখ।