প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত এবং ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, কোনো ব্যক্তি যদি দলকে দুর্বল করতে চায়, দলের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়, নিজের স্বার্থকে দলের স্বার্থ থেকে বড় মনে করে, সেই ধরনের নেতা আমাদের দরকার নেই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শান্তিপুরে আসন্ন সংসদ নির্বাচনে খিলগাঁও থানার ২ নম্বর ওয়ার্ডের উত্তর ও দক্ষিণ গোড়ান ভোটকেন্দ্রের তৃণমূলের নেতাকর্মীদের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বারবার সরকার গঠনের সুযোগ পেয়েছে বলেই আজকে এত উন্নয়ন সম্ভব হয়েছে। একটা সময় বাংলাদেশকে তলাবিহীন দেশ বলা হতো। আজকে এই তলাবিহীন দেশ পৃথিবীর দ্রুততম উন্নয়নশীল দেশের মধ্যে একটি। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াকে আমরা ধরে রাখতে চাই। আমরা পিছিয়ে যেতে চাই না। আওয়ামী লীগের জন্মই হয়েছে আন্দোলনের মাধ্যমে। আওয়ামী লীগ হচ্ছে মানুষের আবেগের জায়গা। আওয়ামী লীগ কোনো সময় ষড়যন্ত্র করে ক্ষমতায় যায়নি।
২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাক রুবেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মহিলা কাউন্সিল ফারজানা আক্তার বিপ্লবী, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুস সালাম, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিল ওয়াহিদুল হাসান মিল্টন প্রমুখ। সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী আরো বলেন, কোনো কর্মী যদি ভুল পথে থাকে তাকে বুঝাবেন, তারপর সে যদি আসতে চায় তাহলে তাকে আপনারা সাদরে গ্রহণ করবেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ