প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে স্মার্ট, আধুনিক ও উন্নত বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ বদলে গেছে, বদলে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চাই। গতকাল রবিবার বিকালে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও প্রশাসনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ রঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে এবং ওয়াজেদ আলী ও সাঈমা তাসনীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুস ছালাম। আরো উপস্থিত ছিলেন মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি, খিলগাঁও ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন প্রমুখ। সাবের হোসেন চৌধুরী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যেখানে শিক্ষা নেই সেই জাতি সোজা হয়ে দাঁড়াতে পারে না। জাতির পিতা শিক্ষাকে আমাদের মৌলিক অধিকার হিসেবে সংবিধানভুক্ত করে গেছেন। নতুন প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস, দেশপ্রেম ও নিজস্ব সংস্কৃতির প্রতি আরো বেশি গুরুত্ব দিতে হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ